দেশে ফিরতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন হাসিনা: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন।

সোমবার (৯ নভেম্বর) করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি রয়টার্সের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।

হাসিনার এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে তাঁর সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। গত বছর ছাত্র-জনতার প্রাণঘাতী অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। দুই বছরের বেশি সময় পর তাঁর ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন হাসিনা।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নয়, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাঁদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা মেনে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। দুই বছরের বেশি সময়ের অস্থিরতার পর যখন ঢাকার সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তাঁর প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাঁকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

সূত্র: রয়টার্স