ফেসবুক লাইভে আখতারুজ্জামান

আমার পরিবারের ওপর হামলার দায় নিতে হবে ওসিকে

পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে ফেসবুকে লাইভ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি।

সোমবার বিকেলে নিজের আইডি থেকে সরাসরি সম্প্রচারে এসে তিনি জানান, যেকোনো মুহূর্তে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতে পারে। ওসির রোষানলে পড়ে তিনি ও তার পরিবার এখন বড় ঝুঁকির মধ্যে রয়েছেন।

ওসির নানা অনিয়ম নিয়ে কথা বলায় তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন এই বীর মুক্তিযোদ্ধা। কটিয়াদীতে মাদকের বিস্তার এবং পুলিশ কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।

উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে ওসির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তোলেন সাবেক এই সংসদ সদস্য। রাতের আঁধারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও আসামিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও আনেন তিনি।

ভবিষ্যতে তার বা পরিবারের ওপর কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় ওসিকে নিতে হবে বলে সতর্ক করেন। সম্প্রতি তার বড় ছেলে শাহরিয়ার জামান রানা কটিয়াদীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর এই উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তার ভালো কাজের সাক্ষী পুরো উপজেলাবাসী। এসব অপপ্রচারের উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।