সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের কাছে জানতে চেয়েছেন, তারা নিরাপত্তা দিতে পারবে কি-না। তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরেন নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।
নাহিদ ইসলাম বলেন, এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।
সরকারি দলের সংসদ সদস্যদেরও সতর্ক করে তিনি বলেন, আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস। আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, ফলে আওয়ামী লীগের বিষয়ে, ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগানো হয়। এতে বাড়িতে থাকা গবাদিপশু মারা যায়। তার অভিযোগ, স্থানীয় থানার ওসি বলেছেন যে ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জেনেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি।
কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে পেট্রোল বোমা ব্যবহার হয়নি বলে মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, এখানে স্পষ্টই সারাদেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট। মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ।