সামনে কি সেই চোরাবালি?

চোরাবালি! একটি বিপজ্জনক ভূমণ্ডলীয় গহ্বর! এর সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত! এই চোরাবালিতে আটকে গেলে, রক্ষা পাওয়ার উপায় থাকে না। বিপন্ন হয় জীবন। কখনো কখনো সমাজ এবং রাষ্ট্রব্যবস্থাও এমন চোরাবালিতে আটকে যায়। শক্তিশালী রাষ্ট্রব্যবস্থাগুলো যখন আগ্রাসনবাদী হয়ে ওঠে, আধুনিক গণতন্ত্রের দুর্বলতা আর অর্থনৈতিক পরনির্ভরশীলতার কারণে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলো তখন চোরাবালির মুখোমুখি হয়। দেশপ্রেমহীন রাজনীতি আর অবারিত ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে সমাজ তখন চোরাবালিতে আটকে যায়? বাংলাদেশের সমাজব্যবস্থাও কি আজ সেই পরিস্থিতির মুখোমুখি?

উন্নয়ন আছে! দুর্নীতি-দুর্বৃত্তায়ন আছে। অগ্রগতির পথে রাজনীতির দুষ্টচক্রের সীমাহীন প্রতিবন্ধকতাও আছে। তবুও সমাজ চলমান। কখনো কাঙ্ক্ষিত পথে, কখনো বা অপ্রত্যাশিত উল্টো পথে। এমন উত্থান-পতনের মাঝেই এগিয়ে যাচ্ছে আমাদের সমাজব্যবস্থা। ভৌগোলিক সীমারেখা আছে, রাষ্ট্র হিসেবে বিশ্বব্যবস্থার স্বীকৃতিও আছে। কাগুজে স্বাধীনতা আর সার্বভৌমত্বও আছে। মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়নি, গণতন্ত্রের চ্যালেঞ্জ দূরীভূত হয়নি, এমন পরিস্থিতিতে বিশ্বসভ্যতায় নতুন হুমকির মুখে তৃতীয় বিশ্বের সমাজব্যবস্থা! নতুন রূপে আবির্ভূত হয়েছে সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদ! মুক্তির পথ কী?

আমাদের ভূখণ্ডে রাজা-বাদশা আর সুলতানদের দখল-বেদখলের পরের ইতিহাসটি ছিল উপনিবেশবাদীদের। যুদ্ধবিগ্রহের কাল পেরিয়ে অগ্রবর্তী সমাজ প্রাগৈতিহাসিক কালের পরিবর্তে উপনিবেশী সমাজকে আধুনিকতার আদলে গ্রহণ করেন। শোষণ-বঞ্চনা নৈমিত্তিক হলেও, শিক্ষা বিস্তার সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৈন্য-সামন্ত নিয়ে ভূখণ্ড দখলের মৃত্যুনেশার পরিবর্তে, রাষ্ট্রের ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নাগরিকের দায়িত্ববোধ-সম্বলিত বিষয়গুলো প্রাধিকার তালিকায় উঠে আসে।

উপনিবেশিক আমলের পুরো সময়টা বর্ণপ্রথার দাপট সমাজকে আলোড়িত করে। শিক্ষাদীক্ষা আর শাসনব্যবস্থায় কৌলীন্যবাদ অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রেণিবৈষম্য আর বর্ণপ্রথার বিপরীতে একটি মধ্যবিত্ত শ্রেণি বিকশিত হতে থাকে। এই শ্রেণির মাঝে স্বাধীনতা আর অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে ওঠে। কৌলীন্যবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, শোষিত-বঞ্চিত শ্রেণির মুক্তির প্রত্যাশা ভারতের ব্রিটিশ উপনিবেশবিরোধী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। ১৯০৫-এর বঙ্গভঙ্গ, ৪৭-এর দেশভাগের বিশ্লেষণে উপনিবেশবাদী আগ্রাসনের অস্তিত্বের সন্ধান মেলে।

ভারতবর্ষ ব্রিটিশ উপনিবেশবাদ থেকে মুক্ত হলেও, দুরভিসন্ধিমূলক দেশভাগ একসময়ে সমাজব্যবস্থাকে অস্থির করে তোলে। ভারত-পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়। ধর্মভিত্তিক বিভাজন নতুন সমাজে নতুন ক্ষতের তৈরি করে। পিন্ডি থেকে বাংলা শাসনের যৌক্তিকতা কতটা যৌক্তিক আর কী মাত্রায় বৈষম্যমূলক ছিল, ১৯৭১-এ বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম তার প্রমাণ। নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধের এমন নির্মম ইতিহাস ভূধারায় খুব বেশি নেই। এ যুদ্ধেও আগ্রাসনবাদীরা নিজ নিজ স্বার্থে পক্ষাবলম্বন করেছিল। বাঙালির রক্তধারার কাছে পরাজিত হয়েছিল স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী উপনিবেশবাদ। তবে প্রতিশোধস্পৃহাটি হৃদয়ে লালন করেছিল সযত্নে।

বিগত অর্ধশতাব্দীতে স্বাধীন বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিভিন্ন সময়ে রাজনৈতিক নির্মমতার শিকার হয়েছে। এসব ঘটনাবলির পেছনেও স্বার্থান্বেষী উপনিবেশবাদীদের জড়িত হওয়ার প্রমাণ মেলে। একটি উন্নত সমাজকাঠামো বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ গণতান্ত্রিক ধারার বিকাশ। দুঃখজনকভাবে তৃতীয় বিশ্বের অনেক অনুন্নত দেশের মতো বাংলাদেশ নামক রাষ্ট্রটিতেও গণতন্ত্র বিকশিত হতে পারেনি। গড়ে ওঠেনি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এর মূলে রয়েছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণ আর দেশপ্রেমহীন ক্ষমতারোহণের অতীব উচ্চাকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিবারণে রাজনৈতিক শক্তিসমূহ জনগণকে ব্যবহার করেছে বটে, তবে চূড়ান্ত বিবেচনায় উপনিবেশবাদী আগ্রাসী শক্তিসমূহের ওপরই নির্ভর করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ একটি স্বাধীন নামীয় ভূখণ্ড হিসেবে পরিচিত হলেও, সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারেনি।

১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশের সমাজব্যবস্থায় দুটি রাজনৈতিক ধারা বিকাশমান ছিল। পরাজিত ধারাটি সব সময় বাংলাদেশের অভ্যুদয়কে ভারতীয় ষড়যন্ত্রের ফসল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এ ধারাটি পরোক্ষভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী আন্তর্জাতিক শক্তিসমূহের আনুকূল্য পেয়েছে। ফলস্বরূপ ভারতবিরোধিতা আমাদের রাজনীতির অনিবার্য এক অনুসঙ্গে পরিণত হয়েছে। ২০১৪ আর ১৮ সালের ভুতুড়ে জাতীয় নির্বাচনকে দেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। তারপরও পরবর্তী সরকারের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মাটিতে ভারতবিরোধিতার রাজনীতিকে বহুগুণে শক্তিশালী করেছে। এর ফলস্বরূপ ‘ঢাকা না দিল্লি’, ‘ঢাকা-ঢাকা’—এসব স্লোগান জনমনে নতুন আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে।

বিশ্বপরিমণ্ডলে যুদ্ধাবস্থা সৃষ্টি করে সামরিক সমরাস্ত্র বিক্রির কৌশলটি একবিংশ শতাব্দীতে কিছুটা শ্লথ হয়ে এসেছে। চীনের অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের অব্যাহত মারমুখী অবস্থান যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের শাসনামলে শুল্কযুদ্ধের নামে বাণিজ্যিক আগ্রাসনের নির্লজ্জ পদক্ষেপগুলো তার প্রমাণ। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের মতো তৃতীয় বিশ্বের দেশসমূহ নতুন লক্ষ্যে পরিণত হয়েছে। সামাজিক ইস্যুগুলোকে কাজে লাগিয়ে দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্যিক ও অর্থনৈতিক আগ্রাসন প্রতিষ্ঠা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। স্বার্থরক্ষায় তৃতীয় বিশ্বের দেশসমূহে গড়ে তোলা হয়েছে নানা পর্যায়ের পেশাজীবী নেটওয়ার্ক।

দুর্নীতি, দুঃশাসন আর গণতন্ত্র হরণ নিয়ে জনমনে ক্ষোভ ছিল। কোটা-বিরোধী আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকে জনগণ মুক্তির পথ হিসেবে দেখতে শুরু করে। একটি পর্যায়ে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-দাওয়া একাত্ম হয়ে যায়। ২০২৪-এ বাংলাদেশে গড়ে ওঠা এই আন্দোলনটির সঙ্গে রাজনীতিবিদদের দৃশ্যমান সংশ্লিষ্টতা না থাকায়, এটি বিশেষ মাত্রায় বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সরকার বারবার এটিকে ষড়যন্ত্র হিসেবে বলার চেষ্টা করলেও, জনগণ তা আমলে নেয়নি। উপরন্তু আন্দোলন দমনের নৃশংস পদক্ষেপসমূহ হিতে বিপরীত হয়ে ওঠে। রংপুরে আবু সাঈদের মৃত্যুর দৃশ্য শুধু দেশের মাটিতে নয়, প্রবাসী বাংলাদেশিদেরও চরমভাবে বিক্ষুব্ধ করে তোলে। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালি ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, সন্তান-সন্ততিসহ রাজপথে বিক্ষোভে ফেটে পড়ে। চূড়ান্ত পরিণতি ইতিহাসের দীর্ঘতম শাসক শেখ হাসিনা সরকারের করুণ বিদায়!

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের অব্যবহিত পর থেকেই আশা ভঙ্গের সূচনা শুরু হয়। উন্মোচিত হতে শুরু করে দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার মুখোশ! সমাজ আর জনগণের প্রত্যাশার চেয়ে বিশ্বমোড়লকে খুশি করার প্রবণতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেল, গ্যাস, জ্বালানি আর সমুদ্রসম্পদ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন সাবেক এক মার্কিন রাষ্ট্রদূত। বন্দর, পার্বত্য চট্টগ্রাম আর অসম বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মায়ের ডাকের এক অনুষ্ঠানে প্রকাশ্যে এই আন্তর্জাতিক দূতকে চব্বিশের আন্দোলনের মহারূপকার হিসেবে আখ্যায়িত করা হয়। দার্শনিক বুদ্ধিজীবী ফরহাদ মজহার প্রকাশ্য সাক্ষাৎকারে মার্কিন সংশ্লিষ্টতার ধারাবিবরণী তুলে ধরেন। জনগণের বুঝতে বাকি থাকে না, নতুন এক শক্তিশালী আধুনিক চোরাবালির মুখে সমাজ। আশু মুক্তির জন্য অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি ওঠে। লন্ডন বৈঠক আর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমানের দেশে আসার পথ উন্মুক্ত হয়। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। মধ্যপন্থী বিএনপিকে বেছে নেয় জনগণ।

আজ আর সাম্যের কথা নেই। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা আজ আর কারও মুখে শোনা যায় না। হাতেগোনা কজন ছাত্রনেতার বেশভূষা পাল্টানোর সৌভাগ্য হলেও, কোটার কথা বেমালুম। সব আমলেই নয়ন ছিল! কেউ ছোট, কেউ বড়। এবারের ‘নয়ন’ যেন বিশ্বকে তাক লাগিয়ে দিল। আমাদের সমাজব্যবস্থার রাজনৈতিক চরিত্র এমন নয়ন আর আম্মারদের জন্ম দেয়! বিশ বছর যাবৎ পাশ্চাত্য সমাজে বসবাস করি। বহু মন্ত্রী, এমপির কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। আমাদের সমাজের মতো পুলিশ আর প্রশাসকদের এমন প্রটোকল কখনো চোখে পড়েনি! এমপি সাহেবকে নিয়ে ওসি আর থানা তটস্থ! আরও ওপরের কেউ হলে ডিসি, এসপিসহ পুরো জেলা ব্যস্ত! এমন আজগুবি দৃশ্য পৃথিবীর কোন সমাজে আছে?

ক্ষমতার ঔদ্ধত্য আর আন্তর্জাতিক আধিপত্যবাদ থেকে মুক্তি পেতেই নাকি চব্বিশের আবির্ভাব। শান্তিদূতের শাসনকাল থেকে গণতন্ত্রের পথে তারেক রহমানের নেতৃত্বে জাতি আশাবাদী হয়েছিল। চিন্তকরা ভেবেছিল, পাশ্চাত্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বদলে যাওয়া তারেক রহমান নতুন সমাজের পথে জাতিকে এগিয়ে নেবেন। ইতিপূর্বে কয়েকটি পত্রিকার নিবন্ধে আমি নিজেও সে আশাবাদ ব্যক্ত করেছিলাম। জাতি কি সেই পথে এগিয়ে যাচ্ছে? শিক্ষা, স্বাস্থ্য, আইনের শাসন, দুর্নীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ কোথায়? স্বস্তি, নাকি আধিপত্যবাদ থেকে মুক্তির কথা বলে সমাজ ভয়ংকর এক আগ্রাসনবাদের পথেই হাঁটছে? যে পদধ্বনি শোনা যাচ্ছে সেটি শঙ্কার। অতি ভয়ংকর ও নির্মম। সমাজ কি তবে সেই চোরাবালিতে হারিয়ে যাবে!

লেখক: কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক
ই-মেইল: mahssan8691@gmail.com