স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। পরে ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

এবারের সিঙ্গাপুর সফরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।