গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, দিল্লির মদদে আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের কথিত আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন প্রতিহত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
হেফাজতের নেতারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের ন্যায়বিচারের বিষয়টি উপেক্ষা করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে পতিত আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের পরিবর্তন করেনি। আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির শাসনামলে নির্যাতনের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
তাদের দাবি, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যার অভিযোগের কারণে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তারা।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হেফাজতের নেতারা বলেন, বিভিন্ন চেষ্টা-তদবিরের পরও কোনো তৃতীয় রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে তারা মনে করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে কোনো সভ্য রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না।
বিবৃতিতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে তারা বলেন, দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ এবং দ্য ইকোনমিস্ট তার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে তুলে ধরেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামলের চিত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।