ফ্যাসিবাদী শক্তি দেশের ইতিহাস ও ভূগোল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সাধারণ মানুষের অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে থাকা ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে। দেশে একমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্রও চালানো হচ্ছে। হত্যা, রক্তপাত ও অগ্নিসংযোগের মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা চলছে। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে এসব ষড়যন্ত্র সফল হবে না।
তিনি আরও বলেন, গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িয়েছে। গুমের প্রবণতা দলটির রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমানে ক্ষমতায় বিএনপি থাকলেও আওয়ামী লীগের নেতাদের হাতে বিএনপি নেতারা গুমের শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
রিজভী বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।