আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। আটক ওই নেতার নাম জাভেদ দিদার। পুলিশে দেওয়ার আগে তাঁকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে অনুসারীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন যুবদল নেতা নয়ন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে দাবি করা হয়, নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়েছে।

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। এ সময় তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান তিনি। কথোপকথনের একপর্যায়ে জাভেদ দিদার নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এরপর নয়নকে বলতে শোনা যায়, আটক ব্যক্তি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় সঙ্গে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে ডিম খেতে অস্বীকৃতি জানান জাভেদ দিদার।

পরে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ দিদার ডিম খেতে শুরু করেন। নয়নও একটি ডিম খান। ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিকে দুটি ডিম খেতে দেওয়া হয়। ডিম খাওয়া শেষ হলে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন।

এরপর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায় তাঁকে। এ সময় নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই আওয়ামী লীগ নেতা। এ কারণে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নয়নকে বলতে শোনা যায়, ‘যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’

এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন।

ভিডিওতে নয়ন আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’

এরপর নেতা-কর্মীদের ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাঁকে চেয়ারে বসিয়ে কফি খেতে দেন এবং একপর্যায়ে নিজের হাতে মুখে তুলে দেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণ কেমন ছিল, তা নিয়ে কথা বলেন নয়ন। কথোপকথনে জাভেদ দিদারকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন।

ভিডিওর শেষ দিকে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ সদস্যরা কফিশপে উপস্থিত হলে জাভেদ দিদারের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে জাভেদ দিদার নাশকতার পরিকল্পনা করছিলেন কি না, সে বিষয়ে পুলিশের তদন্ত বা যাচাইয়ের ফল এখনো জানা যায়নি।