কর্মীদের ওপর হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, কেউ একবার আঘাত করলে পাল্টা দ্বিগুণ জবাব দেওয়া হবে। এমনকি কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত ২৭ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডেও একই বক্তব্য তুলে ধরেন আমির হামজা। পরে রাত সাড়ে ১০টার পর সেটি সরিয়ে নেওয়া হয়। এর আগে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনেও ভিডিও ও ফটোকার্ডের বক্তব্যের বিষয়টি উঠে এসেছে।
ফেসবুকে প্রকাশিত ফটোকার্ডে আমির হামজার বক্তব্য ছিল, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে তিনি প্রয়োজনে দল ছেড়ে দেবেন। পোস্টটি সরিয়ে নেওয়ার আগে এতে প্রায় ২১ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
আমির হামজার এমন বক্তব্যের পেছনে রয়েছে কুষ্টিয়ায় স্থানীয় জামায়াত নেতার বাড়িতে হামলার ঘটনা। গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাহজাহান আলীর বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অবিস্ফোরিত গুলি উদ্ধার করে।
শাহজাহান আলী ও আমির হামজা এ হামলার জন্য স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
হামলার পরদিন ২৬ নভেম্বর দুপুরে দলীয় নেতাদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান আমির হামজা। সেখানে তাদের সঙ্গে কথা বলার সময়ই পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেন তিনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব।’
পাশে থাকা একজনও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। এরপর আমির হামজা আবারও পাল্টা জবাব দেওয়ার কথা বলেন।
২৭ নভেম্বর রাতে নিজের ফেসবুক পেজে একই বক্তব্যের ফটোকার্ড প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হলেও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আমির হামজা ও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।