বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৫৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা আফগানিস্তানের কাবুলের বাতাসের মান ৪৭৭, যা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এসব বিষয় উঠে এসেছে।
আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৪৪৩। ৪১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এ ছাড়া চতুর্থ অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ৩৯৯ এবং পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৫৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।