মাগুরায় ‘হার-জিত’ দুটোই আওয়ামী লীগের: সাকিব

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ‘এখানে (মাগুরা) বেশিরভাগ প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতি করা মানুষ। ফলে যিনিই জিতবেন, তিনিই আওয়ামী লীগের। যিনি হারবেন, তিনিও আওয়ামী লীগের।’ 

রোববার (৫ মে) দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন ঘিরে জেলা আওয়ামী লীগের বিভক্তি নিয়ে এক প্রশ্নে সংসদ সদস্য সাকিব বলেন, ‘দেখেন, আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেছি। আমি এই দলের একটা অংশ। এখন এই দল কীভাবে চলবে, সেটা দল নির্ধারণ করবে।’

সাকিব আরও বলেন, প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে ডেকে এই কথাই বলেছেন যে সংগঠনটা অনেক গুরুত্বপূর্ণ। আমিও মনে করি, সংগঠনটা গুরুত্বপূর্ণ। সংগঠন সংগঠনের মতো চলবে। তাদের পুরো স্বাধীনতা আছে, তারা কীভাবে দলকে চালাবেন এবং তাদের নেতৃত্বেই দলটা চলবে বলে আমি মনে করি।