বিএনপি উন্নয়ন ও শান্তির রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, শান্তির রাজনীতি করে। জনগণের রাজনীতি করে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি করে। দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান। একদলীয় সরকার থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন জিয়াউর রহমান। স্বৈরশাসক এরশাদের পতনও ঘটিয়েছে বিএনপি। তাই ভোট হলে বিএনপিই বারবার ক্ষমতায় আসবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে তারানগর ইউনিয়ন যুবদলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।
আমান বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে, তারা কেরানীগঞ্জের রিয়াজসহ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জণগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। আগে ২১ বছর পর ক্ষমতায় এসেছিল কিন্তু এবার আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।