খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র ও অগ্রগতিতে ফের ‘ভূমিকা রাখবেন’ বলে আশা রেখেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৬ জানুয়ারি) ফেইসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।

খবর সংযোগের পাঠকদের জন্য আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষন উনার বাসভবনে। 

বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের। 

আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দু:সহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারো শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই: এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? 

 

তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহ্-র কাছে বলি। আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম  নির্যাতন করেছেন বেগম জিয়া’র প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )!  অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনা-কে নিয়ে। 

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন  লন্ডনে। আল্লাহ্-র কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মানে।’

এদিকে, সব প্রস্তুতি শেষে খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে সেদিন রাতে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।

লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন।

ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।