লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সফরসঙ্গী হচ্ছেন যারা

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন তিনি। 

খালেদা জিয়ার এই যাত্রায় তার সফরসঙ্গী হবেন প্রায় ১৫ জনের অধিক। এরমধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফবৃন্দ।

সোমবার (৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মধ্যে সফরসঙ্গী হিসেবে আছেন ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. মোহাম্মদ আল মামুন। 

এছাড়া তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

জানা গেছে, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারও খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ আরও জানান, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া কাতার হয়ে লন্ডন যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা চার বিশেষ চিকিৎসকও খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন।