ধর্ষকের শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১৪ মার্চ) জুমা নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।