ভোটারদের বার্তা দিলেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরই মধ্যে শিক্ষার্থীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে জানান, কোরাম, ক্লাব, অঞ্চল বা ব্যক্তিগত পছন্দ নয়, বরং বিবেকের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার সময় এসেছে।

সারজিস আলমের পোস্ট: ফেসবুক থেকে নেওয়া

তিনি লেখেন, নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন, যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।

তিনি লেখেন, একজন প্রার্থীর সিজিপিএ বা একাডেমিক দক্ষতা নয়, বরং নেতৃত্ব দেওয়ার সাহস, দায়িত্ববোধ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষমতাই মূল বিষয়। আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না, আপনি আপনার লিডার নির্বাচিত করছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব বেছে নিচ্ছেন।

এনসিপি নেতা আরও লেখেন, প্রকৃত নেতা তিনি-ই যিনি সরকার পরিবর্তনের পরও ছাত্রদের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন এবং যৌক্তিক দাবিতে ক্ষমতার মুখোমুখি দাঁড়াতে সাহস দেখাবেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, নির্বাচনী ইশতেহার ও বাস্তবায়নের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। তাই ভোট দেওয়ার সময় বিবেক ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস লেখেন, ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সঙ্গে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন।