পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নববীতে আগত বিশ্বের লাখ লাখ মুসুল্লি ও দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজান মাসকে লক্ষ্য রেখে এই আবেদন আহ্বান করেছে দেশটির ‘এজেন্সি ফর এনরিচমেন্ট অ্যান্ড ভলান্টিয়ার অ্যাফেয়ার্স’।
কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে মসজিদে নববীতে ইবাদতের পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল করতে প্রতি বছরের মতো এবারও এই বিশাল স্বেচ্ছাসেবী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবকদের কাজের পরিধি:
মনোনীত স্বেচ্ছাসেবকদের মূলত চারটি নির্দিষ্ট ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে:
১. ধর্মীয় দিকনির্দেশনা: মুসুল্লিদের বিভিন্ন ধর্মীয় জিজ্ঞাসায় তাৎক্ষণিক সহায়তা করা।
২. শৃঙ্খলারক্ষা: নামাজের কাতার সোজা রাখা এবং ভিড় সামাল দেওয়া।
৩. প্রযুক্তিগত সহায়তা: মসজিদের ভেতরে থাকা বড় ইলেকট্রনিক স্ক্রিন ও ডিজিটাল ডিভাইসগুলো পর্যবেক্ষণ করা।
৪. অনুবাদ সেবা: বিভিন্ন দেশ থেকে আসা মুসুল্লিদের ভাষায় তথ্য পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের সৌদি আরবের অফিসিয়াল ‘ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্ম’ (National Volunteer Work Platform)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পোর্টালে গিয়ে ‘রিলিজিয়াস’ (Religious) বিভাগ থেকে ‘প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য প্রফেট’স মস্ক’ অনুসন্ধান করে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।
প্রতি বছর রমজানে মসজিদে নববীতে আসা অতিথিদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই স্বেচ্ছাসেবকরা সৌদি নিরাপত্তা বাহিনীর সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
সূত্র: গালফ নিউজ