পবিত্র রমজান মাস সমাগত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে প্রথম রোজার তারিখ।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, যদি ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যায়, তবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) হবে রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে ওই দিন ভোর থেকেই রোজা শুরু করবেন মুসলমানরা। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে দেশটির সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। যদিও আধুনিক প্রযুক্তিতে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব আগে থেকেই থাকে, তবে ধর্মীয় বিধান অনুযায়ী খালি চোখে বা টেলিস্কোপে দৃশ্যমান চাঁদ দেখাকেই সেখানে চূড়ান্ত বলে গণ্য করা হয়। কমিটির পক্ষ থেকে চাঁদ দেখার ঘোষণা আসার পর রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক সংবাদ জানানো হবে।
ভৌগোলিক ও ঋতু পরিবর্তনের কারণে এবার সৌদি আরবে রমজান পড়বে শীত মৌসুমে। এর ফলে রোজার সময়সীমা গ্রীষ্মকালের তুলনায় বেশ কম হবে। ধারণা করা হচ্ছে, এবার গড়ে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হতে পারে। রমজান শুরুর সম্ভাব্য এই সময়সূচি ঘিরে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো মুসলিম বিশ্ব গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।