আড়াই ঘণ্টা থেকে সাড়ে ১৪ ঘণ্টা! বিশ্বের কোথায় কত সময় রোজা?

চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুভেদে এবার বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজার সময়ে দেখা যাচ্ছে আকাশ-পাতাল পার্থক্য। কোথাও মুসলমানরা মাত্র আড়াই ঘণ্টা রোজা রাখছেন, আবার কোথাও রাখতে হচ্ছে সাড়ে ১৪ ঘণ্টা পর্যন্ত।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর রমজান প্রায়

/১১ দিন এগিয়ে আসে। বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল চলায় সেখানে দিনের দৈর্ঘ্য কম, ফলে রোজার সময়ও কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল হওয়ায় সেখানে দিন অনেক বড় এবং রোজা দীর্ঘ।

এ বছর বিশ্বের সবচেয়ে উত্তরের শহর নরওয়ের লংইয়ারবিয়েনে রমজানের শুরুতে রোজার সময় মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটের কিছু বেশি। তবে মাস শেষে সেখানে সময় বেড়ে দাঁড়াবে সাড়ে ১২ ঘণ্টায়। অন্যদিকে, বিশ্বের সর্বদক্ষিণের শহর চিলির পুয়ের্তো উইলিয়ামসে এবার প্রায় সাড়ে ১৪ ঘণ্টা রোজা রাখতে হবে।

পবিত্র নগরী মক্কায় এবার রোজা হচ্ছে অপেক্ষাকৃত মধ্যম দৈর্ঘ্যের। রমজানের শুরুতে সেখানে রোজার সময় প্রায় সাড়ে ১১ ঘণ্টা, যা মাসের শেষে আধ ঘণ্টা বাড়বে। আরব বিশ্বের অধিকাংশ দেশে এবার ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডে রোজার সময় প্রায় ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

উত্তর গোলার্ধে ২০৩১ সাল পর্যন্ত রোজার সময় প্রতি বছর কমতে থাকবে, কারণ তখন রমজান পড়বে ডিসেম্বরের তীব্র শীতে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে ২০৩১ সাল পর্যন্ত রোজার সময় ক্রমান্বয়ে বাড়বে।

উল্লেখ্য, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রোজা। তবে স্বাস্থ্যগত কারণ ও ভ্রমণভেদে শিশু, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।