হজ মৌসুমের পরপরই ওমরাহ যাত্রীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি ওমরাহ ভিসা পুনরায় চালুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু করার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।
শনিবার (১৬ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদ পরবর্তী ওমরাহ মৌসুমের জন্য ৩১ মে থেকে ভিসা দেওয়া শুরু হবে এবং ওই দিন থেকেই যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ১ জুন থেকে ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের আনুষ্ঠানিক অনুমতিপত্র বা পারমিট দেওয়া শুরু হবে। নতুন বছরের ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, আগামী ৩১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীদের ওমরাহ ভিসা দেওয়া হবে। ভিসা পাওয়া যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় যাওয়া সব যাত্রীকে অবশ্যই পরবর্তী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
এরই মধ্যে ওমরাহ কার্যক্রম সহজ করতে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা এবং ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ১২ মে থেকে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক কার্যক্রমের ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। যারা নতুন মৌসুমে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের এই সময়সূচি ও নিয়মাবলী মেনে আবেদন করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।