৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে দেশে পৌঁছেছে এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিনের ফিরতি সূচি অনুযায়ী মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে বাকি হাজিরাও দেশে ফিরবেন। এ লক্ষ্যে বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশি হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।