পাওয়ার পয়েন্টে যুক্ত হলো চ্যাটজিপিটি

ওপেন এআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিকে এবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর সঙ্গে যুক্ত করেছে। ফলে ব্যবহারকারীরা এখন পাওয়ার পয়েন্টের ভেতরেই এআই ব্যবহার করে নতুন প্রেজেন্টেশন তৈরি, পুরোনো স্লাইড সম্পাদনা এবং তথ্য হালনাগাদ করতে পারবেন।

এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারী সাধারণ ভাষায় নির্দেশ দিলেই চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে স্লাইড তৈরি করতে পারবে। যেমন একটি ব্যবসায়িক প্রেজেন্টেশন বানাও বা এই স্লাইডগুলো আরও সংক্ষিপ্ত করো, এ ধরনের নির্দেশ বুঝে এআই কাজ সম্পন্ন করবে।

শুধু তাই নয়, চ্যাটজিপিটি সংযুক্ত বিভিন্ন সেবার তথ্যও ব্যবহার করতে পারবে। এর মধ্যে রয়েছে জিমেইল, আউটলুক এবং শেয়ারপয়েন্ট। ফলে ইমেইল, ডকুমেন্ট বা অফিস ফাইল থেকে তথ্য নিয়ে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব হবে।

বর্তমানে এই ফিচারটি বেটা পর্যায়ে রয়েছে। তবে ওপেনএআই জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীসহ চ্যাটজিপিটি বিজনেস গ্রাহকেরাও এখন এটি ব্যবহার করতে পারবেন।

এআইচালিত প্রেজেন্টেশন সুবিধার ক্ষেত্রে প্রতিযোগিতাও বাড়ছে। এর আগে এন্থ্রোপিক তাদের ক্লড চ্যাটবটে একই ধরনের সুবিধা চালু করেছিল। অন্যদিকে গুগল জেমিনি ইতোমধ্যেই গুগল স্লাইডস এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য উচ্চমূল্যের আইপিওর প্রস্তুতির অংশ হিসেবেই ওপেনএআই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয় ফিচারগুলো দ্রুত নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করছে। এর আগে চ্যাটজিপিটিকে এক্সেল এবং গুগল শিটস এর মতো বিভিন্ন অফিস টুলেও যুক্ত করা হয়েছে।