জেমিনি এবার আপনার হয়ে ফোন করবে, কথাও বলবে নিজেই

রেস্টুরেন্টে টেবিল বুক করা, দোকানে কোনো পণ্যের দাম বা মজুতের তথ্য জানা কিংবা অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তনের মতো কাজ এবার ব্যবহারকারীর হয়ে ফোন করেই করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনি। ‘কল ফর মি’ নামের নতুন ফিচারের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এআইটি।

গুগল জানিয়েছে, ফোনে স্বয়ংক্রিয় মেনুর বিভিন্ন ধাপ পার হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গেও সরাসরি কথা বলতে পারবে জেমিনি। কোনো কলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে এআইটি হোল্ডে থাকবে, ফলে ব্যবহারকারীকে ফোনের পাশে বসে অপেক্ষা করতে হবে না।

ফিচারটি ব্যবহার করতে জেমিনি অ্যাপে ‘@Call for me’ লিখে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। সেখানে কাঙ্ক্ষিত সময়, তারিখ, পছন্দ কিংবা বিকল্প তথ্যও উল্লেখ করা যাবে।

কল শুরু করার আগে জেমিনি কোন নম্বরে ফোন করবে এবং ফোনে কী তথ্য জানাবে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ ব্যবহারকারীকে দেখাবে। সেটি পর্যালোচনা করে অনুমতি দিলেই কল শুরু হবে।

কল চলাকালে ব্যবহারকারী চাইলে লাইভ ট্রান্সক্রিপ্ট দেখতে এবং কথোপকথনের অডিও শুনতে পারবেন। প্রয়োজন হলে যেকোনো সময় কল বাতিল করে নিজেই ফোনালাপের দায়িত্ব নেওয়ার সুযোগও থাকবে।

তবে ‘কল ফর মি’ দিয়ে এখনই জরুরি নম্বরে ফোন করা বা ব্যবহারকারীর হয়ে কোনো পেমেন্ট করা যাবে না। একইভাবে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও জেমিনি শেয়ার করতে পারবে না।

ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পিক্সেল ১১ সিরিজের ফোন এবং অর্থপ্রদানের মাধ্যমে নেওয়া জেমিনি এআই সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।

এ ছাড়া প্রতিদিন কল করার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ফোন নম্বরেই কল করতে পারছে জেমিনি।

গুগল বলছে, বাস্তব জীবনের ফোনালাপ পরিস্থিতিভেদে নানা রকম হতে পারে। এ কারণে প্রযুক্তিটিকে আরও উন্নত ও নির্ভরযোগ্য করতে সীমিত পরিসরে ‘কল ফর মি’ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে।