ইনস্টাগ্রামের নতুন ফিচার নিয়ে মেটার বিরুদ্ধে তদন্ত যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে মেটার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। ইনস্টাগ্রামের নতুন ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালুর আগে এর সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

চলতি বছরের মে মাসে চালু হওয়া ইনস্ট্যান্টস ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা কোনো কনটেন্ট দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।

অফকমের তদন্তে মূলত দেখা হবে, ফিচারটি চালুর আগে মেটা অবৈধ কনটেন্টের সম্ভাব্য ঝুঁকি এবং শিশুদের জন্য তৈরি হতে পারে এমন ঝুঁকি যথাযথ ও পর্যাপ্তভাবে মূল্যায়ন করেছিল কি না।

অফকমের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক জর্জ লাস্টি বলেন, অনলাইন নিরাপত্তা আইনে প্ল্যাটফর্মে বড় ধরনের পরিবর্তন আনার আগে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে।

তাঁর মতে, কোনো ফিচার চালুর পর নিরাপত্তা ব্যবস্থা যোগ করার বদলে শুরু থেকেই নিরাপত্তাকে নকশার অংশ করা উচিত।

মেটার দাবি, ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে
মেটা জানিয়েছে, অনলাইন নিরাপত্তা আইনের আওতায় তাদের দায়িত্বকে তারা গুরুত্বের সঙ্গে দেখে। প্রতিষ্ঠানটির দাবি, ইনস্ট্যান্টস চালুর আগে তারা ঝুঁকি বিশ্লেষণ করেছে এবং কয়েক দফায় অফকমকে বিষয়টি জানিয়েছে।

মেটার এক মুখপাত্র বলেন, ইনস্ট্যান্টস ফিচারে শুরু থেকেই বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে স্ক্রিনশট নেওয়া, কনটেন্ট পুনরায় শেয়ার ও ফরওয়ার্ড করার সুযোগ বন্ধ রাখা। পাশাপাশি এতে কোনো পাবলিক ফিড নেই এবং কিশোরদের জন্য থাকা টিন অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে।

তদন্তে অফকমকে সহযোগিতা করার কথাও জানিয়েছে মেটা।

কী এই অনলাইন নিরাপত্তা আইন?
যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিন এবং প্রাপ্তবয়স্ক কনটেন্ট সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর ওপর বিভিন্ন দায়িত্ব নির্ধারণ করেছে। এর অন্যতম লক্ষ্য অবৈধ কনটেন্ট মোকাবিলা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা।

আইনের আওতায় প্ল্যাটফর্মগুলোকে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন এবং বয়স যাচাইয়ের মতো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

কোনো প্রতিষ্ঠান আইন মেনে চলতে ব্যর্থ হলে অফকম সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ পাউন্ড অথবা ওই প্রতিষ্ঠানের যোগ্য বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে—দুটির মধ্যে যেটি বেশি, সেই অঙ্কে।

মেটার বিরুদ্ধে আগেও অফকমের পদক্ষেপ
অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় এর আগে আত্মহত্যা নিয়ে আলোচনার একটি অনলাইন ফোরাম, পর্নোগ্রাফি সাইট, শিশু যৌন নিপীড়নের উপকরণ ছড়াতে ব্যবহৃত ফাইল শেয়ারিং সেবা এবং ৪চ্যানের মতো প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত করেছে অফকম।

তবে ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টস ফিচার নিয়ে শুরু হওয়া তদন্তটি অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় মেটার বিরুদ্ধে অফকমের প্রথম আনুষ্ঠানিক তদন্ত।

মেটা এরই মধ্যে যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে অফকমের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে কী পরিমাণ ও কী ধরনের তথ্য দিতে হবে এবং অফকমের নেওয়া ফি নিয়েও আপত্তি রয়েছে প্রতিষ্ঠানটির।