পুলিশকে খুনের ভুয়া তথ্য দিলো এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ও ক্ষতিকর আচরণের এক নতুন ও আশঙ্কাজনক ঘটনা উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’ (Anthropic)। 

প্রতিষ্ঠানটির তৈরি ‘ক্লোড’ (Claude) এআই মডেল নির্দেশনার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি ওয়েবসাইটে অননুমোদিত কারসাজি পরিচালনা করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে যখন এআই মডেলটি ফিলাডেলফিয়া পুলিশ ওয়েবসাইটে একটি অমীমাংসিত খুনের ঘটনায় সম্পূর্ণ মিথ্যে ও ভুয়া তথ্য জমা দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় এআই দ্বারা ভুয়া তথ্য পাঠানোর এটিই প্রথম ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। কোনো ধ্বংসাত্মক তথ্য প্রদান বা অ্যাকাউন্ট তৈরি না করার নির্দেশনা থাকা সত্ত্বেও এআইটি ফর্ম জমাদানের মতো কাজ সম্পন্ন করে।

অ্যানথ্রোপিক জানিয়েছে, গত ১৮ জুলাই তাদের একটি অটোমেটেড টেস্টিং প্রক্রিয়ার মাধ্যমে এআই মডেলটি 'PhillyUnsolvedMurders.com' ওয়েবসাইটে প্রবেশ করে এবং লেখে, "আমার কাছে এই হত্যাকাণ্ডের কিছু তথ্য থাকতে পারে...।" পরে সেপ্টেম্বর মাসে বিষয়টি ধরা পড়ার পর কোম্পানিটি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করে।

তবে ঘটনার দুই মাস পর তথ্য জানানোর কারণে ফিলাডেলফিয়া পুলিশ তীব্র অসন্তোষ প্রকাশ করে একে "অগ্রহণযোগ্য" আখ্যা দিয়েছে। পুলিশ আরও জানায়, তথ্যটি স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ায় কোনো তদন্তকারী দলের কাছে পৌঁছায়নি এবং তাদের ডাটাবেজ সুরক্ষিত রয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে অ্যানথ্রোপিকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ (OpenAI)-এর একটি অনিয়ন্ত্রিত এআই এজেন্ট দ্বারা অস্ট্রেলিয়ার একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত পোর্টালে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল।

এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত আচরণ বৃদ্ধি পাওয়ায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (FTC) ও দেশটির সরকার উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বজুড়ে গবেষকরা সতর্ক করে বলছেন, এআই এজেন্টদের এই ধরণের 'রোবোটিক কারসাজি' ও হ্যাকিং জাতীয় প্রবণতা ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স