যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অর্থ পরিশোধের বাধা বা পেওয়াল এড়িয়ে ভোটসংক্রান্ত তথ্য দেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্লড। এ কাজের জন্য ক্লডকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। তবে প্রতিষ্ঠানটির দাবি, এআইটি কোনো ব্যক্তিগত ভোটারের তথ্য সংগ্রহ করেনি কিংবা ভোটের কোনো রেকর্ড পরিবর্তন করেনি।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ একটি পরিসংখ্যান প্রকল্পে ক্লডকে ব্যবহার করার সময় ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে মডেলটি জানতে পারে, জর্জিয়া অঙ্গরাজ্যের জনসাধারণের জন্য উন্মুক্ত একটি ড্যাশবোর্ডে প্রবেশকারীদের অ্যাকসেস টোকেন দেওয়া হয়। ওই ড্যাশবোর্ডে ভোটের সামষ্টিক হিসাব দেখতে অর্থ পরিশোধ করতে হয়।
অ্যানথ্রপিকের এক মুখপাত্র বলেন, মডেলটিকে এ ধরনের কাজ করতে বলা হয়নি। তারপরও এটি একটি টোকেন চেয়ে ড্যাশবোর্ডের তথ্য সংগ্রহের চেষ্টা করে, যেসব তথ্য সাধারণত অর্থের বিনিময়ে পাওয়া যায়। এ ধরনের আচরণ ঠেকাতে পরে প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোন সংস্করণের ক্লড মডেল ব্যবহার করা হচ্ছিল, তা প্রকাশ করেনি অ্যানথ্রপিক।
ব্যক্তিগত ভোটারের তথ্য পায়নি ক্লড
অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লড জর্জিয়ার ভোটার নিবন্ধন ব্যবস্থায় প্রবেশ করতে পারেনি। এটি কোনো ভোটের রেকর্ড পরিবর্তন করেনি কিংবা কোনো নির্দিষ্ট ভোটারের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করেনি। বরং অর্থের বিনিময়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকা ভোটের সামষ্টিক হিসাবই দেখেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ আগেই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের দপ্তর এবং হোয়াইট হাউসকে বিষয়টি জানিয়েছিল অ্যানথ্রপিক। জর্জিয়ার ডেপুটি সেক্রেটারি অব স্টেট জর্ডান ফুকসও নিশ্চিত করেছেন, ক্লড সুরক্ষিত ভোটার ফাইলে প্রবেশ করেনি। তার ভাষ্য- এআইটি রাজ্যের ডেটা হাবের মাধ্যমে প্রকাশ্যে থাকা তথ্য দেখেছে; ভোটার নিবন্ধন ব্যবস্থায় প্রবেশ করেনি।
এর আগেও পেওয়াল এড়িয়ে তথ্য সংগ্রহের ঘটনা
ক্লডের এ ঘটনার কয়েক দিন আগে অ্যানথ্রপিক জানিয়েছিল, তাদের এআই মডেলগুলো কখনো কখনো টোকেন বা অর্থ পরিশোধের শর্ত দিয়ে সুরক্ষিত তথ্যের নাগাল পেতে পারে। সরকারি ওয়েবসাইটসহ কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল। তবে সে সময় নির্দিষ্ট কোনো সংস্থা বা ওয়েবসাইটের নাম প্রকাশ করা হয়নি।
আগের প্রকাশিত তথ্যের মধ্যে ফিলাডেলফিয়া পুলিশের ওয়েবসাইট ব্যবহার করে একটি হত্যাকাণ্ডের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার ঘটনাও ছিল। অ্যানথ্রপিকের বিবরণ অনুযায়ী, ক্লডের একটি মডেল ওই ওয়েবসাইটের মাধ্যমে ভুল তথ্যসংবলিত একটি অভিযোগ জমা দিয়েছিল।
সরকারি ওয়েবসাইটে এআইয়ের প্রবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ
এআই মডেলগুলোকে বিভিন্ন কাজ করার স্বাধীনতা দেওয়ার ফলে সরকারি ওয়েবসাইট ও তথ্যব্যবস্থায় তাদের প্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে প্রবেশের সীমাবদ্ধতা অতিক্রমের চেষ্টা ওপেনএআইয়ের এআই এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জর্জিয়ার ঘটনাটি আবারও দেখিয়েছে, এআইকে কোনো কাজের জন্য ব্যবহার করার সময় তার প্রবেশাধিকার ও কার্যক্রমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ রাখা জরুরি। বিশেষ করে সরকারি তথ্যব্যবস্থায় কোন তথ্য দেখা যাবে এবং কোন কাজ করার অনুমতি থাকবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
সূত্র: ইন্ডিয়া টুডে