চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

রোববার (৮ নভেম্বর) এক ঘোষণায় এনভিডিয়া জানায়, বাইরের আইনজীবীদের সহায়তায় পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটি এ তদন্ত করবে। তবে এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হওয়ার কোনো কারণ পর্ষদ দেখতে পাচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পর্ষদ আরও জানিয়েছে, তদন্তে সব ধরনের প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জেনসেন হুয়াং ও তাঁর নেতৃত্বাধীন ব্যবস্থাপনা দলের ওপর আস্থা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তদন্ত চলাকালে হুয়াং স্বাভাবিকভাবেই এনভিডিয়ার নেতৃত্ব দেবেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সম্ভাব্য গুপ্তচরবৃত্তির পরিকল্পনার লক্ষ্যবস্তু হতে পারেন জেনসেন হুয়াং। ওই প্রতিবেদনের পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। এআই প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে এনভিডিয়ার চিপ ও প্রোগ্রামিং ইন্টারফেসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে।

চীনের প্রযুক্তি ও সামরিক খাতে দেশটির অগ্রগতি ঠেকাতে বহু বছর ধরে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামের এক চীনা নারী এনভিডিয়ার প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ওই নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ ঘটনায় গুপ্তচরবৃত্তির সব অভিযোগ অস্বীকার করেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালিস হুয়াংয়ের নিয়োগকর্তা মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছিল। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের সরঞ্জাম কিনেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে বলেন, কয়েক মাস ধরে দুই দলের আইনপ্রণেতারা চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। জেনসেন হুয়াং ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে কংগ্রেসের জবাব পাওনা রয়েছে। উন্নত মার্কিন প্রযুক্তি চীনে যাওয়া ঠেকাতে প্রস্তুত থাকা দ্বিদলীয় আইন পাসেরও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রিপাবলিকান দলের কয়েকজন প্রতিনিধি পরিষদ সদস্য ১৮ নভেম্বর কংগ্রেসে হাজির হয়ে এ সম্পর্কের বিষয়ে সাক্ষ্য দিতে হুয়াংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রিপাবলিকান আইনপ্রণেতা জন মুলেনার, ব্রায়ান মাস্ট ও রিক ক্রফোর্ড এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, তা নির্ধারণ করা কংগ্রেসের জন্য অত্যন্ত জরুরি।

রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তিনি লেখেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন। নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই বলেও উল্লেখ করেন তিনি।

এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে গত কয়েক বছরে দ্রুত বেড়েছে এনভিডিয়ার ব্যবসা। ওপেনএআই, অ্যানথ্রপিক, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর বৃহৎ ভাষা মডেল তৈরিতে ব্যবহৃত চিপ উৎপাদন করে এনভিডিয়া।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছেন হুয়াং। ওই বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল, চীনে এনভিডিয়ার নির্দিষ্ট কিছু চিপ বিক্রির আয়ের ১৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকার পাবে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এনভিডিয়ার শেয়ারে সর্বোচ্চ ১৬ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন এবং গত আগস্টে প্রায় ১০ লাখ ডলারের শেয়ার বিক্রি করেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ লেনদেনের ঘটনা ঘটে।

গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের পর এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর কমে যায়। এর প্রভাব পড়ে এনভিডিয়ার শেয়ারেও। গত সপ্তাহে এক দিনের লেনদেনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪৫০ বিলিয়ন ডলার কমে যায়। তবে শুক্রবার শেয়ারদর ঘুরে দাঁড়ায় এবং আগের দরপতনের ৪ শতাংশ পুনরুদ্ধার করে।

আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে হুয়াং তাঁর সঙ্গে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তিনি জানেন না, তবে হুয়াংকে সঙ্গে নিতে আগ্রহী। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায় করার খবর তিনি শোনেননি বলেও জানান।

ট্রাম্প হুয়াংকে একজন ভালো মানুষ এবং যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কাজ করা ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর আচরণ নিয়ে ওঠা জল্পনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, হুয়াং একজন সম্মানিত ব্যক্তি এবং এ ঘটনার পেছনে তাঁর কোনো ব্যাখ্যা থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা