যুক্তরাষ্ট্রের পানি-জ্বালানি ও খাদ্য সরবরাহে ঝুঁকি বাড়াচ্ছে ইরানি হ্যাকাররা: ডব্লিউএসজে

যুক্তরাষ্ট্রের পানি সরবরাহব্যবস্থা, জ্বালানিবাহী ট্যাংকার এবং ইউরোপের সুপারমার্কেট—এবার এসব বাস্তব অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে ইরানি হ্যাকাররা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলার প্রেক্ষাপটে সাইবার অভিযানকে কম্পিউটার নেটওয়ার্কের বাইরে নিয়ে গিয়ে সরাসরি দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টির দিকে ঝুঁকছে তারা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মকাল থেকে সন্দেহভাজন ইরান-সংশ্লিষ্ট তিনটি সাইবার হামলার ঘটনা তদন্তকারীদের নজরে এসেছে। এসব হামলার ধরন ইঙ্গিত দিচ্ছে, ইরানের সাইবার কার্যক্রমে নতুন কৌশল যুক্ত হচ্ছে—যার উদ্দেশ্য শুধু তথ্য চুরি বা ডিজিটাল ব্যবস্থা অচল করা নয়, বরং বাস্তব জগতে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

ডব্লিউএসজের প্রতিবেদনে উল্লেখ করা তিনটি ঘটনার প্রথমটি যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের পানি সরবরাহকেন্দ্রকে ঘিরে। সেখানে কর্মীরা পানি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ প্যানেলে প্রবেশাধিকার হারান। ফলে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়।

দ্বিতীয় ঘটনায় আটলান্টিক মহাসাগরে টেক্সাসের দিকে যাত্রারত দুটি জ্বালানিবাহী ট্যাংকারের নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনা ঘটে। তৃতীয় ঘটনায় ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটে কয়েক শ রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা হ্যাক করে সেগুলোর তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট—প্রায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে—নিয়ে যাওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঘটনাগুলোর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা তদন্তকারীরা সন্দেহ করছেন। তবে প্রতিবেদনটি এসব হামলার জন্য ইরানকে চূড়ান্তভাবে দায়ী করার মতো নিশ্চিত প্রমাণের কথা জানায়নি।

সাইবার নিরাপত্তা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাত দিয়ে ডব্লিউএসজে জানিয়েছে, ইরান এখন আগের তুলনায় বিস্তৃত পরিসরে লক্ষ্যবস্তু নির্বাচন করছে। সাইবার হামলার মাধ্যমে বাস্তব ক্ষতি ও জনজীবনে বিঘ্ন ঘটানোর ক্ষেত্রে দেশটির আগ্রহও বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের প্রধান ইয়োসি কারাতেকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরান এখন যা করছে, তা হলো আগের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় ধরে নিই, পরবর্তী যুদ্ধে আমার প্রতিপক্ষ আগের মতো থাকবে না। সে আরও উন্নত হবে।’

সাইবার অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভূমিকা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের সহায়তায় সাইবার হামলা আরও দ্রুত, লক্ষ্যভিত্তিক ও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে পানি, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও খাদ্য সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় এসব খাতে হামলার প্রভাব সরাসরি মানুষের জীবনে পড়তে পারে।

একসময় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার তুলনায় ইরানকে কম দক্ষ সাইবার হুমকি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক তৎপরতা সেই ধারণা বদলে দিচ্ছে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ইরানের সাইবার সক্ষমতা কতটা বেড়েছে, তা নিয়ে আরও তদন্ত প্রয়োজন। তবে সাম্প্রতিক ঘটনাগুলো একটি বড় প্রশ্ন সামনে এনেছে: ভবিষ্যতের যুদ্ধে প্রতিপক্ষকে দুর্বল করতে শুধু ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলাই নয়, পানি সরবরাহ, জ্বালানি পরিবহন ও খাদ্য সংরক্ষণের মতো বেসামরিক অবকাঠামোও সাইবার যুদ্ধের লক্ষ্য হয়ে উঠতে পারে।