পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষ হতে পারে! এমনকি কোনো একসময় সৌরজগৎ থেকেই ছিটকে যেতে পারে আমাদের গ্রহ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মহাকাশবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন কিছু সম্ভাব্য দৃশ্যপট। বিজ্ঞানীদের মতে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে পৃথিবীসহ আশপাশের গ্রহগুলোর ওপর।
২০০৯ সালে ফ্রান্সের দুই জ্যোতির্বিজ্ঞানী জ্যাক লাস্কার ও মিকায়েল গাস্তিনো এ বিষয়ে গবেষণা করেন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত ওই গবেষণায় তাঁরা একটি শক্তিশালী সুপারকম্পিউটারের সাহায্যে আগামী ৫০০ কোটি বছরে সৌরজগতের সম্ভাব্য পরিবর্তন নিয়ে ২ হাজার ৫০১টি পরিস্থিতি বিশ্লেষণ করেন।
গবেষণায় দেখা যায়, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির মহাকর্ষীয় আকর্ষণ ধীরে ধীরে বুধের কক্ষপথে পরিবর্তন আনতে পারে। এতে বুধের কক্ষপথ অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একপর্যায়ে গ্রহটি সূর্য কিংবা শুক্রের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়তে পারে।
গবেষকদের একটি কম্পিউটারভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, এমন অস্থিরতা তৈরি হলে বুধ, শুক্র কিংবা মঙ্গল গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এই সম্ভাব্য সংঘর্ষের সময় ধরা হয়েছে প্রায় ৩৩৪ কোটি বছর পর।
সৌরজগৎ থেকে ছিটকে যেতে পারে পৃথিবী?
পৃথিবীর জন্য আরেকটি সম্ভাব্য বিপদের কথা উঠে এসেছে ২০২৫ সালে আইকারাস সাময়িকীতে প্রকাশিত গবেষণায়। সেখানে বিজ্ঞানীরা সৌরজগতের কাছাকাছি দিয়ে অন্য নক্ষত্রের অতিক্রম করার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করেছেন।
গবেষক নাথান কাইব ও শন রেমন্ডের গবেষণা অনুযায়ী, আগামী ৫০০ কোটি বছরের মধ্যে অন্য কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষে পৃথিবী ধ্বংস হওয়ার অথবা সৌরজগতের বাইরে ছিটকে যাওয়ার সম্ভাবনা শূন্য দশমিক ২ শতাংশ।
তবে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। প্রায় ৪৫০ কোটি বছর আগে থেইয়া নামের মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীতে আঘাত হেনেছিল বলে মনে করা হয়। সেই সংঘর্ষে মহাকাশে ছড়িয়ে পড়া পদার্থ একত্র হয়ে পরবর্তী সময়ে চাঁদের সৃষ্টি করে। চাঁদের উৎপত্তি নিয়ে এটিই বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব।
এ বছর দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক লাস্কার স্বীকার করেছেন, অন্য কোনো গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের প্রকৃত সম্ভাবনা এখনো নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
তবে আশ্বস্ত হওয়ার বিষয় হলো, গবেষণায় উঠে আসা এসব সম্ভাব্য পরিস্থিতির কোনোটিই নিকট ভবিষ্যতে মানবজাতির জন্য তাৎক্ষণিক বিপদের কারণ নয়। এগুলো সৌরজগতের সুদূর ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ ও সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস।