অ্যানথ্রপিকের প্রায় সব কর্মীই এখন কোটিপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর রাতারাতি কোটিপতি হয়ে গেছেন প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মী। তাঁদের মধ্যে কয়েক শ কর্মীর সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারেরও বেশি।

নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে (শেয়ারবাজারে প্রথমবার শেয়ার বিক্রি) প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয় ৮৩ ডলার। বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হিল ডটকমের হিসাব অনুযায়ী, এর ফলে প্রায় ৬০০ কর্মীর শেয়ারসম্পদের মূল্য ১০ কোটি ডলার ছাড়িয়েছে। তাঁদের বলা হচ্ছে ‘সেন্টি-মিলিয়নিয়ার’।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণভাবে ‘অ্যান্টস’ নামে পরিচিত কর্মীদের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ জনের শেয়ারসম্পদের মূল্য ১ কোটি ডলারের বেশি। আর প্রায় ৫ হাজার ১০০ কর্মী, অর্থাৎ মোট কর্মীর ৯৬ শতাংশের হাতে রয়েছে ১০ লাখ ডলারের বেশি মূল্যের শেয়ার।

হিল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বৃহস্পতিবার সিএনএনকে বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত অল্প সময়ে এই পরিবর্তন ঘটেছে। অ্যানথ্রপিক থেকে কর্মীদের চলে যাওয়ার হারও খুব কম ছিল। তাঁর মতে, প্রতিষ্ঠানটির দ্রুত অগ্রগতি দেখে কর্মীরা বুঝতে পেরেছিলেন, এখানে কাজ ছেড়ে গেলে বড় আর্থিক সম্ভাবনা হাতছাড়া হতে পারে।

সিলিকন ভ্যালির স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের বেতনের পাশাপাশি শেয়ার দেওয়ার প্রচলন রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাতে শুরুতে নগদ অর্থের পরিমাণ কম থাকায় কর্মীদের ধরে রাখতে ভবিষ্যতে প্রতিষ্ঠান বিক্রি কিংবা শেয়ারবাজারে প্রবেশের সম্ভাবনাকে কাজে লাগানো হয়। এতে কর্মীরা দীর্ঘ সময় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে উৎসাহিত হন।

তবে অ্যানথ্রপিকের মতো এত বড় পরিসরে এবং এত দ্রুত বেড়ে ওঠা স্টার্টআপ খুব কমই রয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির কর্মীসংখ্যা ২০২৪ সালের শেষেও ১ হাজারের কম ছিল।

বেনসনের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানে আর্থিক সাফল্যের ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে কখন যোগ দেওয়া হয়েছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর ভাষ্য, ২০২৩ বা ২০২৪ সালে অ্যানথ্রপিকে যোগ দেওয়া তুলনামূলক জুনিয়র কর্মীর আর্থিক অর্জন চলতি বছরের শুরুতে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়েও বেশি হতে পারে।

অন্যদিকে, মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার আগে দুই দশকেরও বেশি সময় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়েছে। গত জুনে প্রতিষ্ঠানটির বড় পরিসরের আইপিওর মাধ্যমে প্রায় ২২ হাজার কর্মীর মধ্যে ৪ হাজার ৪০০ জন কোটিপতি হয়েছেন।

অ্যানথ্রপিকের আইপিওর আরেকটি বিশেষ দিক হলো, প্রতিষ্ঠাতাদের বাইরে অন্য কর্মীরাও প্রথম দিন থেকেই শেয়ার বিক্রি করে অর্থ তুলে নেওয়ার সুযোগ পেয়েছেন। সাধারণত আইপিওর পর কর্মীদের শেয়ার বিক্রির ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের ‘লকআপ’ সময় থাকে। এ সময় তাঁরা নিজেদের শেয়ার বিক্রি করতে পারেন না।

তবে অ্যানথ্রপিকের ক্ষেত্রে ধাপে ধাপে শেয়ার বিক্রির একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এর আওতায় শেয়ার লেনদেন শুরুর দিন থেকেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন—এমন অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা তাঁদের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে পেরেছেন। তবে বৃহস্পতিবার কতজন এই সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।

স্পেসএক্সের কর্মীরা যুক্তরাষ্ট্রের টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকলেও অ্যানথ্রপিকের কর্মীদের বড় অংশই সান ফ্রান্সিসকোতে অবস্থান করেন। ফলে নতুন এই কোটিপতিদের সম্পদ শহরটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে আবাসন বাজারে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সান ফ্রান্সিসকোতে বাড়ির দাম কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। আবাসনবিষয়ক প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে শহরটিতে একটি বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে বাড়ির মধ্যম বিক্রয়মূল্য প্রায় অপরিবর্তিত ছিল। এর পরিমাণ ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার।