জ্বালানি খাতে উৎপাদন দক্ষতা বাড়ানো, অপচয় কমানো এবং উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র চালু করেছে ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। একটি বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টি এ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
কেন্দ্রটিতে এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কাজ করা হবে। এর মাধ্যমে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য শিল্পকার্যক্রম আরও দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্র প্রতিষ্ঠার দায়িত্বে থাকা ড. হাশেম ওরাই বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার নতুন ধাপ তৈরি করবে।
ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাতে তিনি বলেন, শিল্প খাতের সঙ্গে কাজ করার ক্ষেত্রে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশেষ গুরুত্ব দিচ্ছে জ্বালানি খাতকে। কারণ এটি দেশের বৃহত্তম শিল্প খাতগুলোর একটি।
ওরাই জানান, কয়েক মাসের আলোচনা শেষে জ্বালানি খাতে কার্যক্রম পরিচালনাকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো এ ধরনের চুক্তি করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা উপ-উপাচার্য কার্যালয়ের অধীন একটি বড় জায়গা বরাদ্দ দিয়ে সেখানে নতুন কেন্দ্রটি স্থাপন ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়।
শিল্পের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা
কেন্দ্রটিতে শিক্ষার্থী, স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা একসঙ্গে কাজ করবেন। তাঁদের গবেষণার মূল লক্ষ্য থাকবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যার সমাধান করা।
ওরাই বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য শিল্পকার্যক্রমে এআই প্রযুক্তি প্রয়োগ করে দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রচলিত বিশ্ববিদ্যালয় গবেষণার সঙ্গে এ কেন্দ্রের কাজের ধরন আলাদা বলেও উল্লেখ করেন তিনি। সাধারণত বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের বড় অংশ গবেষণাপত্র প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু নতুন কেন্দ্রটিতে শিল্পপ্রতিষ্ঠানগুলো সরাসরি গবেষণা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে।
ওরাইয়ের ভাষায়, ‘এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, গবেষণা প্রক্রিয়ায় শিল্প খাত সরাসরি অংশগ্রহণ করছে।’
তিনি জানান, অংশীদার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তাহে এক দিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রে আসেন। তাঁরা শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন ও সমস্যাগুলো তুলে ধরেন এবং চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এর ফলে গবেষণায় উদ্ভাবিত সমাধান দ্রুত বাস্তব শিল্পকার্যক্রমে প্রয়োগ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ
নতুন কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা এবং গবেষণার সুযোগও রাখা হয়েছে। ওরাই বলেন, কেন্দ্রের প্রকল্পে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব শিল্পক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এতে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।
কেন্দ্রে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি পড়াশোনা শেষে অংশীদার প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগও তৈরি হতে পারে তাঁদের জন্য।
ভবিষ্যতে কেন্দ্রটি এনার্জি সার্ভিস কোম্পানি বা এসকো (ESCO) মডেল গ্রহণ করতে পারে বলেও জানান ওরাই। এ ব্যবস্থায় জ্বালানি সাশ্রয়ের ফলে অর্জিত আর্থিক সুবিধা সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে ভাগ করে নেওয়া হয়।
তবে আপাতত এআইভিত্তিক জ্বালানি ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধির বাস্তব সুফল প্রমাণ করাই কেন্দ্রটির প্রধান লক্ষ্য।
ওরাই বলেন, এ উদ্যোগের গুরুত্ব হলো, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা কেবল আলোচনা বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং তা বাস্তব ও কার্যকর অংশীদারত্বে রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি বাজারের বিকাশ এবং ধীরে ধীরে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করা হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো এআই ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগে আরও উৎসাহিত হতে পারে।