ভারতের কলকাতার মাঠে বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস

বাংলাদেশ খেলতে না চাওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের দেখা যাচ্ছে নানা। বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর তাদের স্থানে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশ না আসায় ইডেনে দর্শকসংখ্যা কম হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল, এবং তা সত্যি হয়ে গেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, টিকিটের লাইনে চার-পাঁচজনের বেশি মানুষ দেখা যায়নি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে থাকা অফলাইন টিকিট স্টলে সর্বাধিক ছ’জন মানুষ উপস্থিত ছিল।

ইডেনের মোট ক্ষমতা ৬৫ হাজার। তবে সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র ২১ হাজার টিকিট বিক্রি হয়েছে। বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রির সংখ্যা হলো-

ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড: ২,৯১৭

স্কটল্যান্ড বনাম ইতালি: ৩৪৮

ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড: ২,০৭৫

ইংল্যান্ড বনাম ইতালি: ৪,৯৭০

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি: ১,২৪৮

সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে ৯,০০০ টিকিট বিক্রি হয়েছে। গ্রুপপর্বে ভারতের কোনো ম্যাচ না থাকায় দর্শকদের আগ্রহও কমে গেছে।

তবে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) আর্থিক ক্ষতির মুখে নয়, কারণ তারা মূল ম্যাচের আয় থেকে খরচ মিটিয়ে নিচ্ছে। দর্শক আনার জন্য অতিরিক্ত প্রচারণা করা হচ্ছে না। শহরে বিশ্বকাপকে কেন্দ্র করে আগ্রহ কম, বরং ঘরোয়া লিগের ম্যাচ নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড আজই কলকাতায় পৌঁছেছে। শুক্রবার তারা অনুশীলন করবে এবং আগামী রোববার মাঠে নামবে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড কোনো চমক দেখাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।