মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম সবকিছু ঠিক থাকলে সোমবার (২ মার্চ) দেশে ফিরবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে মুশফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তার সুস্থতা ও নিরাপত্তা যাচাই করছেন।
ওমরাহ পালন শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা হন মুশফিক। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় এমিরেটস ফ্লাইটটি মাঝপথে জেদ্দায় ফিরে আসে। এরপর থেকেই মুশফিক এবং আরও বহু যাত্রী জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং মুশফিক আগামীকাল দেশে ফেরার সম্ভাব্য ফ্লাইটে যাত্রা করতে পারবেন। তিনি সবাইকে আশ্বাস দিয়েছেন, বর্তমান সময়ে মুশফিক সুস্থ ও নিরাপদ আছেন।
মুশফিকও শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরিস্থিতি তুলে ধরে লিখেছেন, নির্ধারিত সময়ের ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে আসায় ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এবং অনেক যাত্রী একই পরিস্থিতিতে আটকা পড়েছেন। এই পরিস্থিতিতে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য দেশীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।