এশিয়ান বিচ গেমস

ব্রোঞ্জ জিতে ফিরলো নারী কাবাডি দল, বিমানবন্দরে সংবর্ধনা

চীনের সানিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়ান বিচ গেমস’-এ অভাবনীয় সাফল্য অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে উজ্জ্বল করা বীরকন্যাদের বিমানবন্দরে উষ্ণ ও রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে নারী কাবাডি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এই ব্রোঞ্জ পদক তাদের কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা দেশের নারী কাবাডির উন্নয়নে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেব।’

চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খানসহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাফল্যের আনন্দ নিয়ে দেশে ফেরা নারী দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এই অর্জন তাদের আগামী দিনের লক্ষ্য পূরণে বড় ধরণের অনুপ্রেরণা জোগাবে। বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে তারা কঠোর অনুশীলন অব্যাহত রাখবেন।

এশিয়ান বিচ গেমসের এবারের আসরে বাংলাদেশ নারী কাবাডি দল শুরু থেকেই আক্রমণাত্মক এবং কৌশলী খেলা উপহার দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এই সাফল্য দেশের নারী ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করবে।