মার্কিন ভিসার অপেক্ষায় ইরান ফুটবল দল

বিশ্বকাপ ফুটবল আসর ঘনিয়ে আসলেও ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অপেক্ষা করছেন।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পসান্দিদে এই তথ্য জানিয়েছেন। একই সাথে তিনি অভিযোগ করেছেন যে, ইরান সমান সুযোগ বা "সমান শর্তে" এই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা পরিদর্শনের সময় ইরানি রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। মার্কিন ভিসা না পাওয়ায় ইরানি খেলোয়াড়েরা বাধ্য হয়ে এই শহরেই তাদের অনুশীলন ক্যাম্প স্থানান্তর করেছেন।

মূল পরিকল্পনা অনুযায়ী, ইরানি ফুটবল দলের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে ক্যাম্প করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে তারা সেখানে যেতে পারেননি।

ভিসা পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, "আমরা নিশ্চিতভাবে জানি না যে তারা (যুক্তরাষ্ট্র) শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভিসা দেবে কি না।" সূত্র: আল জাজিরা

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইরানি ফুটবল দলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচগুলোতে তাদের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।