জমকালো আয়োজনে মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ হলো বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টোতে। সে মঞ্চেই পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।
ফিফার অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, ১২ জুন রাত ১১টা ৩০ মিনিটে টরন্টোর এই উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত সব বৈশ্বিক মেগাস্টাররা। আর তাদের সঙ্গেই একই কাতারে পারফর্ম করে বিশ্বমঞ্চ মাতাবেন সঞ্জয়।
বাংলাদেশে জন্ম নেওয়া সঞ্জয় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের মেধা ও কাজ দিয়ে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি।’
টরন্টোর এই বিশেষ আয়োজনে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর উপস্থিতি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর মাঝে ভিন্ন এক উন্মাদনা ও গর্বের আমেজ যোগ করেছে। মাঠে বাংলাদেশের ফুটবল না থাকলেও, কোটি ফুটবল ভক্ত আজ রাতে টিভির পর্দায় চোখ রাখবেন লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয়ের মিউজিক বিটে মেতে উঠতে।