বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর অপেক্ষায়। আগের আসরে প্রথম ম্যাচে হার দিয়েই যাত্রা শুরু করেও আলবিসেলেস্তেদের শেষ পর্যন্ত শিরোপা জেতার অভিজ্ঞতা আছে।
বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
এই ম্যাচকে সামনে রেখে দলে ফিরছেন প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যা দলের জন্য বড় স্বস্তির খবর।
এই ম্যাচটি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্যও বিশেষ। জাতীয় দলের হয়ে এটি তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক। অনুশীলনে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে এই তারকা ফুটবলারকে।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে দক্ষিণ আমেরিকার দলগুলোর পারফরম্যান্সও এখন পর্যন্ত মিশ্র। চার দলের মধ্যে দুটি হার ও দুটি ড্র করেছে। সেই ধারায় পঞ্চম দল হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক কোচ স্কালোনি মনে করিয়ে দিয়েছেন আগের বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পরও শিরোপা জয়ের ঘটনা আছে আর্জেন্টিনার, তাই এক ম্যাচ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
স্কালোনি বলেন, আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা সবার জানা। তাই প্রথম ম্যাচ খুব জটিল কিছু নয়। তবে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশেও দেখা যাবে পরিচিত মুখদের। গোলবারে মার্টিনেজ, রক্ষণে রোমেরো-লিসান্দ্রো জুটি, মাঝমাঠে ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণে মেসি ও লাউতারো মার্টিনেজকে নিয়ে শক্তিশালী একাদশ।
আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।