বিশ্বমঞ্চের সবুজ গালিচায় লিওনেল মেসি এক চিরচেনা নাম। আজকের আগেও বহু রূপকথা লিখেছেন ফুটবলের এই রাজপুত্র। গোল বল আর পায়ের ছন্দে বুনেছেন কতশত নান্দনিক কবিতা। তবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসি যা করলেন, তা ফুটবল ইতিহাসকে নতুন অধ্যায় লিখতে বাধ্য করেছে।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলজেরিয়াকে। আর শিরোপা ধরে রাখার এই মিশনে প্রথম দিনেই অতিমানবীয় এক হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক ম্যাচকে মেসি স্মরণীয় করে রাখলেন ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের মধ্য দিয়ে। শুযধু তাই নয়, এক জাদুকরি ম্যাচে বদলে গেলো ফুলবলের রেকর্ডবুক।
আলজেরিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে মেসির গড়া রেকর্ডগুলো খবর সংযোগের পাঠকদের জন্য তুলে ধরা হলো -
ক্লোসার চূড়ায় মেসি ও ৬ বিশ্বকাপের মহাকাব্য
ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে আলজেরিয়ার জাল কাঁপিয়ে জাদুকরী হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর এই তিন গোলের হাত ধরে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন।
শুধু তাই নয়, আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেওয়ার একক রেকর্ড গড়লেন মেসি। (অবশ্য কয়েক ঘণ্টা পর ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এই তালিকায় যুক্ত হবেন)।
ডাবল সেঞ্চুরির মাইলফলক ও প্রথম হ্যাটট্রিক
আজকের ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়ার পর বিশ্বের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলের এই ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকালেন তিনি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ১২০-এ।
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপের মঞ্চে এর আগে হ্যাটট্রিকের দেখা পাননি এলএমটেন। আজ আলজেরিয়ার গোলপোস্টের নিচে থাকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে পরাস্ত করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের অধরা বৃত্তটি পূরণ করলেন তিনি।
প্রবীণতম গোলদাতা ও হ্যাটট্রিককারী
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক (৩টি) গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নতুন ইতিহাস লিখেছেন মেসি। তিনি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলার (৩৮ বছর ৩৪ দিন) গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার অবিশ্বাস্য নজিরটিও এখন তার নামের পাশে।
রিভেলিনো স্পর্শ ও ২০ বছরের কাকতালীয় বৃত্ত
আজকের ম্যাচে বক্সের বাইরে থেকে করা সেই দর্শনীয় দূরপাল্লার শটের মাধ্যমে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৫টি। ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, আজ সেটি স্পর্শ করলেন মেসি।
একই সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়লেন আর্জেন্টিনার এই অধিনায়ক। আর সবকিছুর মাঝে লুকিয়ে ছিল এক অদ্ভুত কাকতালীয় কাব্য- ঠিক ২০ বছর আগের এই ১৭ জুনেই (২০০৬ জার্মানি বিশ্বকাপ) ফুটবল ঈশ্বর ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপে প্রথম অভিষেক হয়েছিল মেসির! দুই দশক পর সেই একই দিনে রেকর্ডবুক করে মেসি প্রমাণ করলেন, ফর্ম সাময়িক হতে পারে, কিন্তু তার পায়ের জাদু চিরন্তন।