ব্রাজিলের জার্সিতে কবে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার জুনিয়র, সেই প্রশ্নের উত্তর অনিশ্চিত।
এরই মাঝে দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই গোলদাতাকে নিয়ে কৌতুকে মেতেছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তার মতে– ‘নেইমার বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার’!
ব্রাজিলের বেলো হরিজোন্তের এক সরকারি অনুষ্ঠানে একটি শিশু নেইমারের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বিশ্বকাপে তার উজ্জ্বল পারফরম্যান্স দেখার আশা প্রকাশ করে।
জবাবে প্রেসিডেন্ট লুলা মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না। নেইমার বিশ্বের প্রথম হোম-অফিসে থাকা ফুটবলার, যাকে দলে ডাকা হয়েছে।’
পরে তিনি এ কথার ব্যাখ্যায় বলেন, ‘হোম-অফিস ফুটবলার’ মন্তব্যটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা একটি বার্তা থেকে নিয়েছেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রশংসা করে ফুটবলপ্রেমী এই প্রেসিডেন্ট বলেন, ‘এভাবে চলতে থাকলে একদিন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি দল বানাব, যেখানে ১১ জন পেলে থাকবে।’