র‌্যাঙ্কিংয়ে উন্নতি, নাহিদ পেলেন ঐতিহাসিক স্পেলের পুরস্কার 

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছিলেন নাহিদ রানা। একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে ৬ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। 

সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে দ্রুতই। আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ১২তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে নাহিদের এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুখবর। তবে তার উন্নতির দিনে পিছিয়ে গেছেন দলের আরও কয়েকজন বোলার। 

বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী বোলার মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন নবম স্থানে রয়েছেন। শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে নেমেছেন ২১তম স্থানে।

এছাড়া মোস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে ২৭তম এবং রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে চলে গেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি উইকেট নেওয়া তাসকিন আহমেদ নিজের ২৯তম অবস্থান ধরে রেখেছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের জন্য সুখবর নেই। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৫ রানে হারের প্রভাব পড়েছে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও।

সর্বশেষ হালনাগাদ তালিকায় তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮তম এবং লিটন দাস এক ধাপ পিছিয়ে ৬১তম স্থানে রয়েছেন। 

সৌম্য সরকার পাঁচ ধাপ পিছিয়ে ৭০তম এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৭২তম স্থানে নেমে গেছেন। তবে তাওহীদ হৃদয় (২০তম) ও নাজমুল হোসেন শান্ত (৩০তম) নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও নাহিদ রানা এগিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট ও বল হাতে কার্যকর অবদান রাখার সুবাদে তিনি ৩১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন। 

ফলে এক ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডারদের তালিকাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এই তরুণ পেসারের।