লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির উত্থান-পতন, সাফল্য ও কঠিন সময়ের সাক্ষী হিসেবে স্বামীর এই পথচলা নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।
ফুটবল বিশ্বে অসংখ্য তারকা এসেছেন, তবে খুব কম খেলোয়াড়ই পেরেছেন প্রজন্মের পর প্রজন্ম দর্শক-সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে। লিওনেল মেসি নিঃসন্দেহে তাঁদের অন্যতম। পায়ের জাদুতে কখনো সমর্থকদের হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
আন্তর্জাতিক ফুটবলে তাঁর দীর্ঘ পথচলার সমাপ্তির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লেখেন আন্তোনেলা। সেখানে স্বামীর সাফল্যের পাশাপাশি তাঁর কঠিন সময় ও ঘুরে দাঁড়ানোর গল্পও তুলে ধরেছেন তিনি।
চিঠিতে আন্তোনেলা লেখেন-
‘তোমাকে এভাবে জীবনের একটি অধ্যায় শেষ করতে দেখা কতটা যে গর্বের, লিও মেসি! এতগুলো বছর, এতসব মুহূর্ত, কতশত আনন্দ আর তার পাশাপাশি কত আঘাত ও কষ্টের মুহূর্ত।
তোমাকে কষ্ট পেতে, ভেঙে পড়তে দেখেছি; আবার নতুন করে উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কোনো কিছুই মনের মতো হচ্ছিল না, তখনও তোমাকে থামতে দেখিনি সব সময় চেষ্টা করতে দেখেছি। আর এত বছর পর, তোমার নিজের সব স্বপ্ন পূরণ হতে দেখা এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের কিছু দিন উপভোগ করার সৌভাগ্যও আমার হয়েছে।
তবে এই পুরো গল্পের একটি বিশেষ দিক আমাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তা হলো, আমাদের সন্তানরা এই পুরো যাত্রাটি খুব কাছ থেকে দেখে বড় হয়েছে।
তারা তাদের বাবাকে নিজের স্বপ্নের জন্য লড়াই করতে দেখেছে, হার না মানতে দেখেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে দেখেছে। এরপর তারা নিজেরাই সেখানে উপস্থিত থেকে তোমাকে সবকিছু জয় করতে এবং বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছে।
হয়তো কোনো একদিন তারা তোমার এই বিশাল গল্পের গভীরতা অনুভব করতে পারবে। তবে আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে ভীষণ গর্বিত। আর আমি তোমাকে নিয়ে গর্বিত।
তোমার এই পথচলা, তুমি যা কিছু অতিক্রম করেছ আর সবকিছুর চেয়ে বড় কথা, প্রতিটি কঠিন ও সুন্দর মুহূর্তের পেছনে যে অসাধারণ মানুষটি ছিল, তাকে নিয়ে আমি গর্বিত।
তোমার পাশে থেকে এসব কিছু দেখতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ও সৌভাগ্যের বিষয়। আমরা তোমাকে অশেষ ভালোবাসি।’