মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন রোমেরো

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আসছে। মেসির উত্তরসূরি হিসেবে নতুন অধিনায়কের নামও জানিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তার পছন্দ ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।

এএফএ ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরোই দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। তাই মেসির বিদায়ের পর তাঁর হাতেই আর্মব্যান্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে তার বিদায়ী ম্যাচের আগেই ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন স্কালোনি।

রোমেরোর পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেসকেও সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচনায় রেখেছেন আর্জেন্টিনা কোচ। মার্তিনেস ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গোলপোস্টের নিচে তাঁর পারফরম্যান্স আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দি পলও দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং মেসির ঘনিষ্ঠ সতীর্থ। লাউতারো মার্তিনেসও দলের নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে তাঁদের সম্ভাবনার কথা উল্লেখ করেও স্কালোনি রোমেরোকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন।

গত কয়েক বছরে মেসি ও স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা একাধিক বড় শিরোপা জিতেছে। ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির সঙ্গে মেসির বোঝাপড়া আরও দৃঢ় হয়। মেসির বিদায়ী ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার প্রশংসাও করেন আর্জেন্টিনা কোচ।

স্কালোনির ভাষায়, মেসিকে কোচিং করানোর সুযোগ তার জন্য ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ব্যক্তিত্বের কারণেও মেসিকে তিনি ব্যতিক্রমী খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর মনুমেন্তাল স্টেডিয়ামে ২ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসি শুধু বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই মাঠে নামবেন।

গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। তার অ্যাসিস্ট থেকে এসেছে আরও ৬৮ গোল।

জাতীয় দলের হয়ে মেসি জিতেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

মেসির আগে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দিও। ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের কথা জানান তিনি। তবে বিশেষ ব্যবস্থায় তাকে মেসির সঙ্গে বিদায়ী ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ফলে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে একই সঙ্গে বিদায়ী ম্যাচ খেলতে দেখা যেতে পারে মেসি ও তার দীর্ঘদিনের সতীর্থ ওতামেন্দিকে।