গত আসরের অসদাচরণ ও নিঃশর্ত ক্ষমার দাবিতে শহীদ আফ্রিদির পাকিস্তান চ্যাম্পিয়নস দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসর থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়িয়েছে।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিশ্চিত করায় ১০ অক্টোবর নির্ধারিত হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করা হয়েছে।
পাকিস্তান সরে যাওয়ায় টুর্নামেন্টের সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে আয়োজকরা। এখন ছয়টি দল নিয়ে লিগ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্তের কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গত আসরের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের আচরণের জেরে ক্ষমা চাওয়ার দাবি মানা না হওয়ায় এই সংকট তৈরি হয়। তবে পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।