যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন আনিসা। পরে তাঁর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশাগত জীবনে আনিসা খান একজন দক্ষ পরামর্শক এবং পরিচিত খাদ্য ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। খেলাধুলা ও ব্যবসার পাশাপাশি ব্রিটিশ বিনোদনজগতেও পরিচিত মুখ আনিসা। বিবিসি ওয়ানের জনপ্রিয় প্রতিযোগিতামূলক বাস্তবধর্মী অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম কাবাডির সঙ্গে যুক্ত হন আনিসা। কঠোর অনুশীলন ও ধারাবাহিক নৈপুণ্যের মাধ্যমে দ্রুতই নজর কাড়েন তিনি। একপর্যায়ে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে নিয়মিত সদস্য হিসেবে জায়গা করে নেন। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন তিনি। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর কাঁধে তুলে দেওয়া হলো নেতৃত্বের গুরুদায়িত্ব।
আনিসা খানের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাসে রেস্তোরাঁ ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে সফল আবাসন ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।
আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ও ইংল্যান্ডসহ বিশ্বের ১৪টি দেশের জাতীয় দল এ প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে অংশ নেবে। সেখানে ইংল্যান্ডের লাল-সাদা জার্সিতে অধিনায়ক হিসেবে কাবাডির ম্যাটে নামবেন ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান।