মেসির কাছ থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত মেক্সিকান তরুণ

লিওনেল মেসির কাছ থেকে উপহার পাওয়ার স্বপ্ন অনেক তরুণ ফুটবলারেরই থাকে। মেক্সিকোর উদীয়মান ফুটবলার গিলবার্তো মোরার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর্জেন্টাইন মহাতারকার বাছাই করা তরুণ প্রতিভাদের নিয়ে অ্যাডিডাসের বিশেষ প্রচারাভিযান ‘মেসি +১০’-এ জায়গা পেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, মেসির বিশেষ সংস্করণের ফুটবল বুটও উপহার পেয়েছেন এই মেক্সিকান মিডফিল্ডার।

২০২৬ সালের অক্টোবর মাসটি মোরার জীবনের অন্যতম স্মরণীয় সময় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে সম্ভাবনাময় ১০ তরুণ ফুটবলারকে নিয়ে অ্যাডিডাসের এই প্রচারাভিযানে মোরাকে বেছে নিয়েছেন মেসি। এর মাধ্যমে মেক্সিকোর এই তরুণ ফুটবলার জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার পছন্দের উদীয়মান খেলোয়াড়দের তালিকায়।

মোরার জন্য এই স্বীকৃতির সঙ্গে এসেছে বিশেষ এক উপহার। তাঁকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের এফ৫০ সিরিজের ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া ফুটবল বুট। গোলাপি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি বুটজোড়ায় রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগোও। ফলে উপহারটি মোরার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে।

মেসির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেক্সিকান ক্লাব তিজুয়ানা এক্সোলোসের এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়ে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

মোরা লিখেছেন, ‘মেসি +১০-এর অংশ হতে পারা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ লিও মেসি ও অ্যাডিডাস ফুটবল। তোমার বুট পরে মাঠে নামা আমার স্বপ্নপূরণ হবে।’

মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের কাছ থেকে এমন স্বীকৃতি মোরার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণ এই মিডফিল্ডারকে ঘিরে আগে থেকেই আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের। এবার মেসির বিশেষ প্রচারাভিযানে জায়গা পাওয়ায় তাঁর পরিচিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে মোরার ব্যক্তিগত জীবনেও এসেছে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। গত ১৪ অক্টোবর ১৮ বছরে পা রেখেছেন তিনি। বয়স ১৮ পূর্ণ হওয়ায় পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাঁর সামনে নতুন সম্ভাবনার দরজা খুলেছে।

মোরাকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা তাঁর সম্ভাব্য ইউরোপযাত্রা ঘিরে। ইউরোপের ফুটবলে খেলার সুযোগ পেলে ক্যারিয়ারের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার বড় সুযোগ তৈরি হতে পারে তাঁর সামনে। যদিও সম্ভাব্য দলবদল নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই, তবে তাঁর সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেন এই তরুণ ফুটবলার।

মেসির স্বীকৃতি, বিশেষ উপহার এবং ১৮ বছরে পা রাখা সব মিলিয়ে মোরার জন্য সময়টা নিঃসন্দেহে বিশেষ। এখন সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে মাঠের পারফরম্যান্সে কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই দেখার বিষয়।