হাজার গোলের স্বপ্নের দ্বারপ্রান্তে রোনালদো, আল নাসরের দুর্দান্ত জয়

পেশাদার ফুটবলে এক হাজার গোলের কাল্পনিক মাইলফলক ছুঁতে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল। আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ে জালের দেখা পেয়ে ক্যারিয়ারের ৯৮২তম অফিশিয়াল গোলটি পূর্ণ করেছেন এই পর্তুগিজ মহাতারকা।

আল ফয়সালির ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। সতীর্থ জোয়াও ফেলিক্সের চমৎকার পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ৪১ বছর বয়সী রোনালদো। ম্যাচের অন্য দুটি গোল আসে আল হামদান ও অ্যাঞ্জেলোর পা থেকে, আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি শোধ করেন বংগোন্ডা।

চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ইতোমধ্যে আল নাসরের জার্সিতে ৬টি গোল করে ফেলেছেন। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি গোল এসেছে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিয়মিত গোল করে চলেছেন এই পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী।

ক্যারিয়ারের ৯৮২টি গোলের মধ্যে বিভিন্ন ক্লাবের হয়ে ১,১০৯ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৮৩৬-এ। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তিনি করেছেন রেকর্ড ১৪৬টি গোল। ক্লাবের ইতিহাসে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০টি গোল করেছেন তিনি।

এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, আল নাসরে ১৩৪টি, জুভেন্টাসে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোল করেছেন রোনালদো। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের অনন্য উচ্চতায় পৌঁছাতে এখন শুধুই সময়ের অপেক্ষা।