কানাডাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) ভারতের আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে বাংলাদেশ। নিয়মিত পয়েন্ট আদায়ের পাশাপাশি কানাডার খেলোয়াড়দের ওপর চাপ ধরে রাখেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা।

ম্যাচ যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে বাংলাদেশের আধিপত্য। আক্রমণে ধারাবাহিকতা বজায় রেখে এবং পয়েন্ট সংগ্রহে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩৯ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কেনিয়ার বিপক্ষে। কানাডার বিরুদ্ধে পাওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচেও ভালো পারফরম্যান্সের লক্ষ্য থাকবে বাংলাদেশের পুরুষ দলের।