দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের না খেলার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।  সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটে।

বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। টেস্ট শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়েছে।

বায়েজিদুল ইসলাম খান বলেন, চোট সামাল দিতে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে মুশফিকের দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এ কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।