এশিয়ান বিচ সকারে নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে ইরান। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এএফসি বিচ সকার এশিয়ান কাপের শিরোপা জিতেছে দলটি। এ নিয়ে প্রতিযোগিতাটিতে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো ইরান।
শনিবার (২৮ নভেম্বর) থাইল্যান্ডের ফাং নাগা প্রদেশের বান নাম খেম বিচ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আলী নাদেরির দল। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন জাপানকে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এএফসির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জাপান। রিওতা মরিওকার পাস থেকে গোল করেন ইয়োহেই ওৎসুকি। শুরুতে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় ইরান। নবম মিনিটে মাহদি শিরমোহাম্মাদির প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন ইউকি কিবুনে। এরপর রেজা দায়েরি ও মোভাহেদ মোহাম্মদপুরও গোলের সুযোগ তৈরি করেন।
দ্বিতীয় পর্বের শুরুতেই গোলের কাছাকাছি পৌঁছে যায় ইরান। মোহাম্মদ আলী মোখতারির ওভারহেড কিক পোস্টে লেগে ফিরে আসে। ১৭তম মিনিটে পেনাল্টি পায় ইরান। জাপানের গোলরক্ষক তাকেরু ফুরুসাতো প্রথমে আলী মিরশেকারির শট ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জালে পাঠিয়ে সমতা ফেরান ইরানি ফরোয়ার্ড।
এরপর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালায় ইরান। তবে জাপানের গোলরক্ষক ফুরুসাতো কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। ২৭তম মিনিটে রেজা দায়েরির শট ঠেকানোর পাশাপাশি মোহাম্মদ দাস্তানের প্রচেষ্টাও রুখে দেন তিনি।
৩০তম মিনিটে ইরানের গোলরক্ষক দাস্তানের জোরালো গোলকিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত তৃতীয় পর্বে এগিয়ে যাওয়ার পর ৩৪তম মিনিটে মোভাহেদ মোহাম্মদপুরের দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান ৩-১ হয়। এই গোলেই জাপানের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে ইরান।
শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও এগিয়ে ছিল ইরান। দলের মোভাহেদ মোহাম্মদপুর নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি)। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ২৯ বছর বয়সী গোলরক্ষক সাইয়েদমোহাম্মদ দাস্তান।
এএফসির তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বে আফগানিস্তান, ভিয়েতনাম ও লেবাননের বিপক্ষে জয়ে গোল করেছিলেন মোহাম্মদপুর। কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের বিপক্ষে গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেমিফাইনালে লেবাননের বিপক্ষে আবারও গোল করেন। ফাইনালেও একটি গোল করে টুর্নামেন্টজুড়ে নিজের কার্যকারিতার প্রমাণ দেন এই ইরানি খেলোয়াড়।
অন্যদিকে, পুরো প্রতিযোগিতায় ইরানের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি গোলরক্ষক দাস্তানও ছিলেন দুর্দান্ত। সৌদি আরবের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ক্লিনশিট ধরে রাখেন তিনি। ফাইনালে মাহদি শিরমোহাম্মাদির গোলেও সহায়তা করেন এই গোলরক্ষক।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লেবাননকে ৮-৬ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ওমান।
এবারের শিরোপার মধ্য দিয়ে এশিয়ান বিচ সকারে একক আধিপত্য প্রতিষ্ঠা করল ইরান। এর আগে ২০১৩, ২০১৭, ২০২৩ ও ২০২৫ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। টানা তিন আসরে শিরোপা জয়ের কীর্তিও গড়েছে আলী নাদেরির দল।