ইন্দোনেশিয়ায় আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের চমক

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সপ্তম কারতিনি আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়েছে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব। পুরো টুর্নামেন্টে ৭টি গোল্ডসহ ১৪টি পদক অর্জন করেছে।  প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ৭টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ।

পদক প্রাপ্তরা হলেন- বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের আর্চার মোহাম্মদ তামিমুল ইসলাম, জ্যোতি রানী,নাহিদ হাসান,আশিকুজ্জামান অনয়, ভানরুম বম। 

রিকার্ভ ডিভিশনে মোহাম্মদ তামিমুল ইসলাম পেয়েছেন ৩টি গোল্ড, জ্যোতি রানী ১টি গোল্ড, ১টি সিলভার ও ১টি ব্রোঞ্জ। 

নাহিদ হাসান (অনূর্ধ্ব ১৫) পেয়েছেন ১টি গোল্ড , ১টি সিলভার, ও ১টি ব্রোঞ্জ। 

অন্যদিকে কম্পাউন্ড ডিভিশনে আশিকুজ্জামান অনয় ২টি সিলভার ও একটি ব্রোঞ্জ এবং  ভানরুম বম ২টি স্বর্ণ অর্জন করেছে।  

আন্তর্জাতিক এই আর্চারি চ্যাম্পিয়নশিপে দুবাই, শ্রীলংকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪৪ টি ক্লাব অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ ক্লাবের কোচ হিসেবে ছিলেন মো: আবুল কাশেম মামুন এবং টিম ম্যানেজার ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী) মেহেদি হাসান দিপু।

গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার ও টিম ম্যানেজার মো.মেহেদি হাসান দিপু দৈনিক খবর সংযোগকে জানান, বাংলাদেশ পুলিশের আর্চাররা বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সুনাম বহিঃবিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। তাদের এই বিজয় পুরো বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের। 

তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক দেশে আসলে বাংলাদেশ আর্চারি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে (GBK) স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হয় ২৬ এপ্রিল।